মো.ছিদ্দিকুর রহমান সোহেলঃ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে "নজরুল-বর্ষ" পালন উপলক্ষে জেলা প্রশাসন ও ভোলা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ভোলায় দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক। প্রতিযোগিতায় তিনটি বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক বিভাগে প্রথম থেকে চতুর্থ শ্রেণি, খ বিভাগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণি এবং গ বিভাগে নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতার বিষয় ছিল কাজী নজরুল ইসলামের রচিত কবিতা আবৃত্তি, নজরুলসংগীত এবং নজরুলের গানের সঙ্গে নৃত্য পরিবেশন। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভোলার জেলা প্রশাসক।
ক বিভাগে প্রথম স্থান অর্জন করে ভোলা সদর সাইন্স মিশন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী প্রতীক্ষা পাল তরী। দ্বিতীয় স্থান অর্জন করে অবৈতনিক স্কুল, ভোলা সদর এবং তৃতীয় স্থান অর্জন করে ভোলা জেলা কালেক্টরেট স্কুল।
পুরস্কার বিতরণ শেষে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার, ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম এবং জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।