সঞ্জয় গুহ বিশেষ মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব। এটি কোনো জাতি বা ধর্মের বিষয় নয়, আমরা সবাই মিলেমিশে থাকব”এভাবেই ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
শুক্রবার সন্ধ্যায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
রাজিব আহসান বলেন, ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে একসঙ্গে বড় হয়েছেন। ভবিষ্যতেও সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। ধর্ম বা জাতিগত পরিচয়ের ভিন্নতা যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপসহকারী প্রকৌশলী বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্যসচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন ও সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া।
এ ছাড়া বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিপন মিয়া, সদস্যসচিব আমিনুল ইসলাম রবীনসহ হিন্দু, বৈদ্য, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বস্ত্র বিতরণ কর্মসূচিকে ঘিরে অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন।