
ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোটসহ ৮ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামসহ ৮ জনকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।