
ভোলা প্রকাশ | নিজস্ব প্রতিবেদক
ভোলার তজুমদ্দিন থানা বার্ষিক পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ জুলফিকার আলী হায়দার। এ সময় তিনি থানার প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যালোচনা করেন।
১০ অক্টোবর ২০২৬ তারিখে ডিআইজি তজুমদ্দিন থানায় পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাঁকে আনুষ্ঠানিকভাবে হাউজ গার্ড সালামি প্রদান করে।
পরিদর্শনকালে তিনি থানার ব্যারাক, মেস, অফিসারদের কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ ও সেরেস্তা কক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। পাশাপাশি থানার পরিবেশ, আবাসন ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নথিপত্র সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন।
এ সময় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও আন্তরিকতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার এবং ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) তজুমদ্দিন থানা প্রাঙ্গণে নবনির্মিত ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করেন। পরে পুলিশ সদস্যদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জসহ ভোলা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।