

ভোলা জেলা পূজা উদযাপন ফ্রন্ট ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। এছাড়াও পূজা উদযাপন ফ্রন্ট ও পুরোহিত কল্যাণ ফ্রন্টের জেলা, শহর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী শোভাযাত্রায় অংশ নেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি ভোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা ও ভক্তির আবহ। শোভাযাত্রাকে ঘিরে শহরজুড়ে তৈরি হয় উৎসবের পরিবেশ।
আয়োজকরা বলেন, শুভ জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সত্য, ন্যায়, মানবতা ও শুভ শক্তির জাগরণের বার্তা বহন করে। শ্রীকৃষ্ণের আদর্শকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল প্রত্যয়।
শুভ জন্মাষ্টমীর এ আনন্দঘন দিনে ভোলাসহ দেশের সব মানুষের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আসুক—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
ভোলা প্রকাশ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।