
ভোলা প্রকাশ নিউজ ডেক্স :
চুরি করে মোটরসাইকেল নিয়ে যতই দূরে পালানো হোক, প্রযুক্তির চোখ ফাঁকি দেওয়া গেল না। ভোলার বোরহানউদ্দিন থেকে চুরি হওয়া প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের R15-M মোটরসাইকেল GPS ট্র্যাকিংয়ের মাধ্যমে অনুসরণ করে বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন উপজেলার ৩ নম্বর দেউলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে কবির বিশ্বাসের সিএইচপি পরিত্যক্ত ইটভাটার সামনের সড়ক থেকে সিয়াম হোসেন রনির মোটরসাইকেলটি চুরি হয়।
মোটরসাইকেলটি চুরি যাওয়ার পরপরই ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে বোরহানউদ্দিন থানা পুলিশ। একই সঙ্গে মোটরসাইকেলে আগে থেকেই সংযুক্ত GPS ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এর অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয়।
GPS-এর মাধ্যমে মোটরসাইকেলটির গতিবিধি অনুসরণ করে পুলিশ জানতে পারে, সেটি বরিশালের দিকে রয়েছে। এরপর বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা পুলিশের সহযোগিতায় শুরু হয় অভিযান।
অবশেষে ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৬টার দিকে বরিশালের লাহারহাট স্পিডবোট ঘাট এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ শাকিল হোসেন (২২) ও নিহাদ (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকিল হোসেন বোরহানউদ্দিন উপজেলার চরটিটিয়া এলাকার মো. আলমগীরের ছেলে এবং নিহাদ একই এলাকার মো. হাসানের ছেলে। পরে মোটরসাইকেলের মালিক সেটি শনাক্ত করলে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় মোটরসাইকেলের মালিক সিয়াম হোসেন রনি বাদী হয়ে ৬ সেপ্টেম্বর বোরহানউদ্দিন থানায় মামলা করেছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রযুক্তির সহায়তায় দ্রুত উদ্ধার হওয়া এই ঘটনায় আবারও সামনে এসেছে—চুরি করে পালানোর পথ যতই দীর্ঘ হোক, GPS-এর চোখ এড়ানো কঠিন।