
ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫২৫ গ্রাম গাঁজাসহ মোছাঃ জান্নাত বেগম (২৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুলারহাট থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আবুবক্করপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, দুলারহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে জান্নাত বেগমকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫২৫ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুলারহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভোলা জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।