চরফ্যাশন ভোলা প্রতিনিধি:
সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। খাল পুনঃখনন প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর অব্যয়িত ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে তিনি দায়িত্বশীল প্রশাসনের অনন্য নজির সৃষ্টি করেছেন।
সাধারণত উন্নয়ন প্রকল্পে বরাদ্দের পুরো অর্থ ব্যয়ের প্রবণতা দেখা গেলেও চরফ্যাশনে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার এই উদ্যোগ প্রশাসনে স্বচ্ছতা ও সততার বার্তা বহন করছে।
স্থানীয় সচেতন মহল বলছে, জনগণের করের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে ইউএনও রুমানা আফরোজ প্রমাণ করেছেন—সততা, দক্ষতা ও জবাবদিহিতার সমন্বয়ে সরকারি উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসার জোয়ার বইছে। অনেকেই এটিকে সরকারি সম্পদ রক্ষায় দায়িত্বশীল প্রশাসনের অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে উল্লেখ করছেন।
জনপ্রশাসনে এমন স্বচ্ছতা ও সততার চর্চা বাড়লে রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি জনগণের আস্থাও আরও সুদৃঢ় হবে।