নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং যাত্রী হয়রানি প্রতিরোধে ভোলার ইলিশা লঞ্চ ও ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন ঈদযাত্রায় যাত্রী নিরাপত্তায় ইলিশা লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শনে / ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান / পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। সোমবার (২৬ মে ২০২৬) ভোলা সদর মডেল থানাধীন ইলিশা লঞ্চ ও ফেরিঘাট এলাকায় সরেজমিনে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনকালে পুলিশ সুপার ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ও বহির্গামী যাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি যাত্রীদের যাতায়াত পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, অতিরিক্ত ভাড়া আদায় এবং সম্ভাব্য ভোগান্তির বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষ, ঘাট ব্যবস্থাপনা কমিটি ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ইতোমধ্যে ঘাট এলাকার গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে পুলিশ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ইলিশা লঞ্চ ও ফেরিঘাট এলাকায় অস্থায়ী পুলিশ সাব-কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনো অপরাধী চক্র যাত্রীদের টার্গেট করতে না পারে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন।
পুলিশ সুপার যাত্রীদের উদ্দেশ্যে বলেন,যাত্রাপথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, হয়রানি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। এ বিষয়ে অভিযোগ বা তথ্য জানাতে ভোলা জেলা পুলিশের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৩২০-১৫৩০৯৮-এ যোগাযোগ করার আহ্বান জানান তিনি।
পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঘাট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় যাত্রী ও ঘাটসংশ্লিষ্টরা পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করায় সাধারণ যাত্রীরা স্বস্তির সঙ্গে বাড়ি ফিরতে পারবেন এবং যাত্রী হয়রানির ঘটনাও অনেকাংশে কমে আসবে।